স্টাফ রিপোর্টার,
বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন কুপতলা শাহাপাড়া গ্রামের মোছাঃ রাবেয়া খাতুন (৫৫), স্বামী- মোঃ আবুল হোসেন এই মর্মে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে আজহারুল ইসলাম শান্ত (২৪) সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রী প্রথম বর্ষে লেখা পড়ার পাশাপাশি ইন্টারনেটের কাজ করত। গত ০২ মার্চ ২০২৪ ইং তারিখ বিকাল অনুমান ০৪.২৫ ঘটিকায় তার ছেলে বগুড়া সদর থানাধীন চকফরিদ মহল্লার এতিম খানা রোডের মোস্তফা লজ এর সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্র এজাহারনামীয় ১১ জনসহ অজ্ঞাতনা ৮/১০ জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো চাকু দ্বারা আঘাত করে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সদর থানার মামলা নং-০৪ তারিখ ০২/০৩/২৪ ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি বগুড়া জেলাসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
করে। আসামীদের দ্রুত গ্রেফতার করতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ০৭ মার্চ ২০২৪ ইং তারিখ ২৩.৩০ ঘটিকায় র্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন চেলোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাতুল (২২), পিতা- মোঃ আঃ হান্নান, সাং- মালতিনগর দক্ষিণপাড়া, থানা ও জেলা- বগুড়া’কে গ্রেফতার করে।
