স্টাফ রিপোর্টার,
অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ শেরপুরে মহিলা কলেজে
টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়ম ও ৫০ লাখ টাকার আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। গভর্নিং বডির দুই সদস্য পিয়ার হোসেন পিয়ার ও জাহিদুর রহমান টুলু জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তাঁরা অভিযোগ করেন, নিয়োগ পরীক্ষায় সময়মতো পরীক্ষা না হওয়া, সাংবাদিকদের বাধা দেওয়া ও অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সিরাজগঞ্জের এক প্রার্থীকে নিয়োগ দিতে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। ওই প্রার্থীর বিরুদ্ধেও আগের কর্মস্থলে দুর্নীতির অভিযোগ রয়েছে।
তাঁরা গভর্নিং বডির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণসহ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া দাবি করেন। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে নিয়ম অনুযায়ী নিয়োগ হয়েছে বলে দাবি করেছেন।
