সেন্টমার্টিনে দপ্তরীর সঙ্গে জেএসসি পরীক্ষার্থীর বিয়ে — পরীক্ষায় বসতে পারেনি ছাত্রী।

বিয়ের পর ঝরে গেলো এক মেধাবী শিক্ষার্থী।


✍️কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি টেকনাফ।


দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরীর সঙ্গে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বিয়ে হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাল্যবিবাহের কারণে ওই ছাত্রী এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিতে পারেননি।


স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টমার্টিন কুনাপাড়া এলাকার মৃত মো. আবদুল্লাহ ও আমিনা খাতুনের মেয়ে আনোয়ারা আক্তার (১৪) স্থানীয় বিএন ইসলামিক হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। চলতি বছর তাঁর জেএসসি পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার কথা ছিল।


তবে পরীক্ষার কয়েকদিন আগে থেকে আনোয়ারা স্কুলে অনুপস্থিত থাকায় শিক্ষকরা খোঁজ নিতে শুরু করেন। পরে জানা যায়, সেন্টমার্টিন পশ্চিমপাড়ার বাসিন্দা মুখতার আহমদের ছেলে জয়নাল আবেদীন (১৯), যিনি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী হিসেবে কর্মরত, তিনি আনোয়ারাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন।


বিদ্যালয়ের অধ্যক্ষ উজ্জ্বল ভৌমিক জানান,

“মেয়েটি ছিল অত্যন্ত মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী। পরীক্ষার আগে এমন একটি ঘটনায় তার পড়ালেখা বন্ধ হয়ে যাওয়া সত্যিই দুঃখজনক।”


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ নুর আহমদ বলেন,

“বিষয়টি জানার পর আমরা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করেছি। মেয়েটি যেন অন্তত পরীক্ষায় অংশ নিতে পারে সে জন্য চেষ্টা চলছে।”


উল্লেখ্য, এ বছর সেন্টমার্টিন বিএন ইসলামিক হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৫৮ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৫৪ জন পরীক্ষা দিয়েছেন, আর চারজন অনুপস্থিত ছিলেন — তাদের মধ্যে মোছাঃ আনোয়ারা আক্তারও একজন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন